অগণতান্ত্রিক এসআইআর পদ্ধতির মাধ্যমে জনসাধারণের হয়রানির বিরুদ্ধে ১০ মার্চ শিয়ালদহ স্টেশন চত্বরে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস এক নাগরিক সভা সংগঠিত করে। সংগঠনের রাজ্য কার্যকরী সভাপতি সৌম্য সেনের সভাপতিত্বে এদিনের সভায় উপস্থিত ছিলেন সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম উপদেষ্টা সান্টু গুপ্ত, সর্বভারতীয় সহসাধারণ সম্পাদক আইনজীবী গৌরাঙ্গ দেবনাথ, রাজ্য সম্পাদক রাজকুমার বসাক প্রমুখ। এসআইআর বিরোধী নাগরিক সভা থেকে সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক রাজকুমার বসাক নির্বাচন কমিশনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন "এই এসআইআর পদ্ধতির মাধ্যমে ভুয়ো ভোটার বাদ দেওয়ার যে কথা বলছেন ,তাহলে সেই ভোটারদের ভোটে নির্বাচিত সরকার ও তার মন্ত্রীদের আগে অবৈধ ঘোষণা করুন।" তিনি আরও বলেন "এই এসআইআর আসলেই অগণতান্ত্রিক ও অসাংবিধানিক।এর মাধ্যমে নাগরিকত্ব হরণের চক্রান্ত চলছে। বৈধ ভোটারের নাম বাতিল করে যে নাগরিকত্ব হরণের ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করতে আমরা সর্বশক্তি প্রয়োগ করে লড়াই করবো।" এছাড়াও কর্মসূচিতে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পাশাপাশি বিভিন্ন গণসঙ্গীত ও কবিতা এদিনের সভায় পরিবেশিত হয়।